বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

রাজশাহীর নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের বজলুর রশীদের সঙ্গে ক্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

স্টাফ রিপোর্টার

published: 19 November, 2025, 09:43 PM

রাজশাহীর নবনিযুক্ত বিভাগীয় কমিশনারের বজলুর রশীদের  সঙ্গে ক্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহী বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী শাখার নেতৃবৃন্দ। বুধবার (১৯ নভেম্বর) সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।


সাক্ষাৎ উপলক্ষে ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন ফুল দিয়ে নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আলম মাসুদ এবং পবা উপজেলার প্রচার সম্পাদক মো. জাহিদ হাসান পলাশ।


সৌজন্য সাক্ষাৎকালে বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেন, “রাজশাহী একটি সম্ভাবনাময় বিভাগ। এ অঞ্চলের উন্নয়নকে এগিয়ে নিতে প্রশাসনকে আরও গতিশীল, সেবা-উন্মুখ ও জনবান্ধব করতে চাই।”


তিনি আরও বলেন, “জনস্বার্থের যেকোনো কাজে বিভাগীয় প্রশাসন সবসময় সহযোগিতা করবে। ভোক্তা অধিকার ও সুশাসন নিশ্চিত করতে ক্যাবের মতো সংগঠনগুলোর সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”


ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, ভোক্তাদের অধিকার রক্ষা, সুষ্ঠু বাজার পরিচালনা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের সঙ্গে সমন্বিত উদ্যোগ জরুরি। নবনিযুক্ত বিভাগীয় কমিশনার ড. বজলুর রশীদের দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও সততা রাজশাহীর উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, বিভাগের সর্বোচ্চ দায়িত্বে থেকে নতুন কমিশনার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বাজার তদারকি এবং নাগরিক সেবার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন। পাশাপাশি ক্যাবের ভোক্তা অধিকার বিষয়ক বিভিন্ন কার্যক্রমে প্রশাসনিক সহযোগিতা কামনা করেন তিনি।


জানা গেছে, গত মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ড. আ.ন.ম. বজলুর রশীদ রাজশাহী বিভাগের ৮৯তম বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। চাকরি জীবনে তিনি সর্বশেষ পানি সম্পদ মন্ত্রণালয়ের উন্নয়ন অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।


তিনি ১৮তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে ২০১২ সালের ২৪ ডিসেম্বর রাজশাহী জেলা প্রশাসনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হিসেবে দায়িত্ব পালন করেন। মাঠ প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে নীতি প্রণয়ন ও ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে তিনি দক্ষতা ও অভিজ্ঞতা প্রদর্শন করেছেন।

National