বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

জয়পুরহাটে ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

জয়পুরহাট প্রতিনিধি

published: 16 March, 2026, 04:00 AM

জয়পুরহাটে ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

জয়পুরহাটের কালাই উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের বাঁশের খুঁটির আঘাতে আক্কাস আলী (৬০) নামের এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের বফলগাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ আক্কাস আলীর ছেলে গোলাপ মণ্ডলকে (৩০) আটক করেছেন।


পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, শনিবার ইফতারের কিছু আগে পারিবারিক বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে গোলাপ উত্তেজিত হয়ে বাঁশের গোড়া দিয়ে তৈরি একটি শক্ত খুঁটি দিয়ে তার বাবার মাথায় সজোরে আঘাত করেন। এতে আক্কাস আলী মাটিতে লুটিয়ে পড়েন। এসময় তাকে বাঁচাতে স্ত্রী আবেদা ও মেয়ে শাবানা এগিয়ে এলে গোলাপ তাদেরও আঘাত করেন।


আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শজিমেক পাঠানো হয়। সেখানে আক্কাস আলীকে মৃত ঘোষণা করা হয়। আর আহত মা-মেয়ে সেখানে ভর্তি আছেন। ঘটনার পর গ্রামবাসী গোলাপকে আটকে রেখে পুলিশে খবর দেয়।


কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর আমরা মরদেহ উদ্ধার করেছি এবং ওই যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে ওই যুবক মানসিকভাবে অসুস্থ ছিল বলে জানা গেছে। তাদের মধ্যে কি কারণে কলহ হয়েছে সেটি এখনও জানা যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

National