বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

ডিমলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা- বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নূর মোহাম্মদ সুমন, নীলফামারী

published: 07 March, 2026, 03:15 AM

ডিমলায় বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা- বেকারি প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারীর ডিমলায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে একটি বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।


গতকাল বুধবার (৪ মার্চ) বিকেলে পবিত্র রমজান মাসকে সামনে রেখে জনস্বার্থে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজারসংলগ্ন মেসার্স তৃপ্তি বেকারিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি এবং সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া উৎপাদিত সেমাই ক্ষতিকর কালিযুক্ত নিউজপ্রিন্ট কাগজে মোড়ানো হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। সেমাই সংরক্ষণের খাঁচাগুলোও ছিল অপরিচ্ছন্ন ও জীবাণুযুক্ত। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স তৃপ্তি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণের জন্য প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরানুজ্জামান জানান, রমজান মাসকে সামনে রেখে বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির উপস্থিত ছিলেন। এ সময় ডিমলা থানার পুলিশের একটি দল অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে।

National

সারাদেশ আরোও দেখুন