বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বাগমারায় বিএনপি নেতা ডিএম জিয়ার অনুসারিদের বিক্ষোভ

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

স্টাফ রির্পোটার

published: 19 June, 2025, 10:27 PM

বাগমারায় বিএনপি নেতা ডিএম জিয়ার অনুসারিদের বিক্ষোভ

রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমানকে নিয়ে ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ হচ্ছে দাবি করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তাঁর অনুসারিরা। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ভবানীগঞ্জে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়।

প্রথমে  ভবানীগঞ্জ বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, ‘ডিএম জিয়াউর রহমানকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও মনগড়া তথ্যের ভিত্তিতে অপপ্রচার চালাচ্ছে। যেসব মহল এই অপচেষ্টায় লিপ্ত তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

সমাবেশে উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা সভাপতিত্ব করেন। বক্তব্য দেন- তারেক জিয়ার প্রজন্ম দলের রাজশাহী জেলা সভাপতি আবুল কালাম আজাদ, তাঁতী দলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, ওলামা দলের উপজেলা সভাপতি মুখলেছুর রহমান মুকুল প্রমুখ।

উল্লেখ্য, ডিএম জিয়ার বিরুদ্ধে উপজেলা বিএনপির চার নেতা গত ২ জুন কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

এতে পুলিশকে হুমকি, মামলার ভুয়া এজাহার দেখিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে চাঁদা আদায় এবং উপজেলা পরিষদের প্রধান ফটকে চেয়ার-টেবিল পেতে বসে থেকে সরকারি দপ্তর নিয়ন্ত্রণ ও কর্মকর্তাদের খবরদারি করাসহ নানা অভিযোগ তুলে ধরা হয়। এ অভিযোগের ভিত্তিতে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর শুরু হয়েছে তোলপাড়।

National

সারাদেশ আরোও দেখুন