রাজশাহী চারঘাট উপজেলার ইউসুফ সিপাইপাড়া এলাকায় বিএনপির কর্মীদের মারপিটে অপর এক বিএনপি'র কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
সিপাইপাড়া এলাকায় ইসলামিক জলসার প্রধান অতিথি ঠিক করা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
মৃত ব্যক্তির নাম এরশাদ আলী (৬৫), পিতা- মৃত সৈয়দ আলী। বাড়ি সিপাইপাড়া, ইউসুফপুর ইউনিয়ন। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন এবং স্থানীয় এমপি আবু সাইদ চাঁদের অনুসারী।
শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয়রা মসজিদে বসে গ্রামে একটি জালসা ও মাহফিল করার উদ্দেশ্যে। এ সময় এক পক্ষ স্থানীয়রা বাসিন্দা ও জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করতে চায়, অপরদিকে নিহত এরশাদসহ অন্যরা স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করতে চান। এসময় দুই পক্ষের মধ্যে তর্কাতর্কিতে আলোচনা ভেস্তে যায়। পরে এরশাদ আলী রাতে তারাবীর নামাজ শেষে ৯টার দিকে বাড়িতে ফিরছিলেন। এসময় আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল , জোয়াদসহ কয়েকজন তার পথরোধ করে দাঁড়ায়। এক পর্যায়ে পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে পিটিয়ে আহত করে ফেলে রাখে। অন্য মুসল্লিরা আহত এরশাদকে চারঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ বাড়িতে নেয়া হয়েছে। চারঘাট থানা পুলিশ বলছে এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।