রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের তৎকালীন সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী হত্যাকাণ্ডের বিচার এবং এই ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাকর্মী ও তৎকালীন প্রশাসনের সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে রাবি শাখা ইসলামি ছাত্রশিবির।
শুক্রবার (১৩ মার্চ) রাবি শাখা ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালের ১৩ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তৎকালীন ছাত্রশিবিরের সেক্রেটারি শরীফুজ্জামান নোমানীকে পরিকল্পিত ও নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের ক্যাডারদের হামলায় নোমানী নিহত হন। এ ঘটনায় প্রশাসনের কিছু দায়িত্বশীল ব্যক্তি হত্যাকারীদের আড়াল করতে এবং মামলার গতিপথ ভিন্নখাতে প্রবাহিত করতে ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিচারহীনতার সংস্কৃতি শিক্ষাঙ্গনে সহিংসতা ও সন্ত্রাসকে উসকে দেয়। তাই নোমানী হত্যাকাণ্ডে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সকলের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে আইন অনুযায়ী কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় শহীদ শরীফুজ্জামান নোমানীর রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সংগঠনটির নেতারা।