বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

মোজাম্মেল হক বীরগঞ্জ দিনাজপুর

published: 05 March, 2026, 12:37 AM

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল আনুমানিক ১১টা ০৫ মিনিটে দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনের সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তাঁকে ফুলেল অভ্যর্থনার 

 মাধ্যমে বরণ করে নেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানার নেতৃত্বে প্রতিষ্ঠানটির জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, ইসিজি বিভাগ, ফার্মেসি বিভাগ, দন্ত বিভাগ, আইএমসিআই কর্নার, এএনসি কর্নার, পিএনসি কর্নার, এনসিডি কর্নার, মহিলা ও পুরুষ ওয়ার্ড এবং এক্স-রে বিভাগ ঘুরে দেখেন সংসদ সদস্য। তিনি অন্তর্বিভাগে ভর্তি রোগীদের খোঁজখবর নেন এবং সার্বিক সেবা কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন এমপি। সভায় সাম্প্রতিক সময়ে যোগদান করা ৪৮তম বিসিএসের চিকিৎসক, ডেন্টাল সার্জন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ও অন্যান্য চিকিৎসকদের সঙ্গে তাঁর পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

ডা. আফরোজ সুলতানা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান কার্যক্রম, সেবাসমূহ, সুবিধা ও সমস্যাগুলো তুলে ধরেন। তিনি শূন্যপদে জনবল সংকট, নষ্ট ডেন্টাল চেয়ার ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন এবং পুরোনো অবকাঠামোগত সমস্যার বিষয়টি এমপির দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় এমপি মোঃ মনজুরুল ইসলাম সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দেন। পরিদর্শনকালে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস সুমা খাতুন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

National

সারাদেশ আরোও দেখুন