নাটোরের লালপুর উপজেলার সাঁইপাড়া এলাকার রেশমা বেগম (২২) এক সঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে। তবে জন্মের কয়েক ঘণ্টার ব্যবধানে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বর্তমানে ২ ছেলে ও ১ মেয়ে সুস্থ্য আছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ শিশুদের জন্ম হয়। শিশুর বাবা আসিব হোসেন সবুজ বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে আমার পাঁচ সন্তান জন্মগ্রহণ করে। জন্মের কিছুক্ষণ পর নবজাতকদের শারীরিক অবস্থা অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বর্তমানে বাকি তিন সন্তান মোটামুটি সুস্থ আছে। সবুজ ও রেশমা দম্পতির স্বজন সুমাইয়া, বেচে থাকা তিন শিশুর সুস্থ্যতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।