বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকে লিখিত অভিযোগ

ঐহিত্যবাহী শতবর্ষী ‘খেলার মাঠ’ দখলে নিতে মরিয়া ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান!

মাঠটিকে ‘সংরক্ষিত’ উন্মুক্ত মাঠ হিসেবে অন্তর্ভুক্তির দাবি

MD Shamiul Alim Shawon

published: 16 June, 2025, 05:11 AM

ঐহিত্যবাহী শতবর্ষী ‘খেলার মাঠ’ দখলে নিতে মরিয়া ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান!

ঐতিহ্যবাহী শতবর্ষী খেলার মাঠ অবৈধভাবে নিজেদের দখলে নিয়ে সেখানে বহুতল ভবন নির্মাণে মরিয়া হয়ে উঠেছে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। এমনই অভিযোগ তুলে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ ও জেলা প্রশাসক আফিয়া আখতার বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।  

আজ রোববার (১৫ জুন) দুপুরে তাদেরকে পৃথক অভিযোগের কপি প্রদান করা হয়। গোকুল মথুরা ফুটবল ক্লাব, স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা’ ও উন্নয়ন গবেষণাধর্মী যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ - ইয়্যাস যৌথভাবে এ অভিযোগ দাখিল করে।


এতে গোকুল মথুরা ফুটবল ক্লাব সভাপতি মো. রফিকুল ইসলাম ও মো. হারুন-অর-রশিদ সাধারণ সম্পাদক, স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা সভাপতি মো. রুবেল হোসেন মিন্টু ও ইয়ুথ এ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস সভাপতি লেখক ও উন্নয়নকর্মী মো. শামীউল আলীম শাওন যৌথভাবে স্বাক্ষর করেছেন। 

অভিযোগ সুত্রে জানা গেছে, রাজশাহী জেলার তানোর থানার মথুরা মৌজার ৩৮ নং খতিয়ানভুক্ত (জে.এল নং ১৫৩, রে: সার্ভে নং ৬, দাগ নং ৯৩) খেলার মাঠটির পরিমান ১ একর ০৬ শতাংশ। রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামে থাকা প্রায় শতবর্ষী প্রাচীন ঐতিহ্যবাহী এই খেলার মাঠটির সংস্পর্শে এসেছে প্রায় ৫০ হাজারের অধিক মানুষ। যার মালিক গোকুল ও মথুরা পক্ষে ফুটবল ক্লাবের সেক্রেটারী। মাঠটিতে এ পর্যন্ত প্রায় ২৫০’র অধিক টুর্নামেন্ট আয়োজিত হয়েছে।



অভিযোগে আরো বলা হয়েছে যে, তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের আবেগ এই প্রাচীন ঐতিহ্যবাহী খেলার মাঠটি দখল করতে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সহযোগিতায় ২০২৪ সালের মার্চ মাস থেকে ‘গোকুল মথুরা দাখিল মাদরাসা’ কর্তৃপক্ষ তৎপর। মাঠটি দখল করে সেখানে ভবন নির্মাণের অপচেষ্টাও চালাচ্ছে তারা। এছাড়াও অভিযোগে তারা তিন দফা দাবি তুলে ধরেছেন।


দাবিগুলো হলোঃ 

১.    রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের গোকুল ও মথুরা পক্ষে ফুটবল ক্লাবের সেক্রেটারী মালিকানাধীন ঐতিহ্যবাহী খেলার মাঠ দখল করে বর্তমানে কিংবা ভবিষ্যতে বহুতল ভবনসহ যেকোন ধরণের স্থাপনা নির্মাণের সকল কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

২.    বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আইন-নীতিমালার তোয়াক্কা না করে আইন বহির্ভূতভাবেই পূর্বে গৃহীত উন্মুক্ত ও ব্যবহৃত মাঠটিতে বহুতল ভবন নির্মাণের লক্ষ্যে নকশা, ছাড়পত্র ও অনুমোদনসহ সকল কিছু অবিলম্বে বাতিল করতে হবে। 


৩.    সরকারি মাস্টারপ্ল্যানে এই প্রায় শতবর্ষী ঐতিহ্যবাহী খেলার মাঠটিকে ‘সংরক্ষিত’ উন্মুক্ত মাঠ হিসেবে অর্ন্তরভূক্ত করাতে হবে। একই সাথে সকলের প্রবেশাধিকার ও ব্যবহার অক্ষুন্ন রাখতে হবে।


অভিযোগে তিনদফা দাবি তুলে ধরে সরেজমিনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত-অনুসন্ধান সাপেক্ষে উল্লেখিত দাবিসূমহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান ও পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করেন তারা

National