রাজশাহীর রাজপাড়া থানাধীন আলীগঞ্জ আদর্শ গ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৪০ ইস্ট বেঙ্গল (মেকানাইজড) ব্যাটালিয়নের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সেনাবাহিনীর সঙ্গে সহায়তা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।
গত বৃহস্পতিবার (১৯ জুন) রাত ১১টা ৩০ মিনিটের দিকে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রথমে আলীগঞ্জ এলাকা থেকে দুইজনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বড়গাছি দুর্গাপুর এলাকার একটি বাড়ির গোয়াল ঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি ৯ মিমি পিস্তল (সম্ভাব্য ভারতীয় তৈরি) ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম—১. শরিফ, পিতা: বাবু (অস্ত্রের মালিক) এবং ২. মিজান, পিতা: মন্টু (সহযোগী)। জানা গেছে, এদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। এছাড়া ২৪ জুলাইয়ের আন্দোলনে ছাত্র হত্যা ও হামলার ঘটনার সাথেও তারা সরাসরি জড়িত ছিল বলে সূত্রে জানা গেছে।
গ্রেফতারের পর দুই আসামিকে পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য র্যাব-৫-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে এনেছে।