বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা দেওয়ার উদ্যোগকে জাতীয় স্বার্থের পরিপন্থি আখ্যা দিয়ে অবিলম্বে এ ধরনের টার্মিনাল চুক্তি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে দলটি এ দাবি জানায়। চট্টগ্রাম বন্দরের লালদিয়া কনটেইনার টার্মিনাল ও পানগাঁও নৌ টার্মিনাল বিদেশি অপারেটরদের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘমেয়াদি এবং অত্যন্ত সংবেদনশীল একটি সিদ্ধান্ত নিতে স্বল্পমেয়াদি দায়িত্বে থাকা অন্তর্বর্তী সরকার কেন তাড়াহুড়ো করলো—এ প্রশ্ন এখন জাতির সামনে। তারা বলেন, এই সরকার আর কয়েক মাসের বেশি দায়িত্বে থাকবে না। পরে যদি চুক্তি নিয়ে কোনো জটিলতা বা সমস্যা তৈরি হয়, এর জবাবদিহি করবে কে? তাছাড়া এসব ইজারা কোনো উন্মুক্ত দরপত্রের মাধ্যমে হয়নি, যা উদ্বেগ আরও বাড়িয়েছে।
বক্তারা অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার বৈধতা রাখে না। প্রয়োজন হলে নির্বাচিত সরকারই এমন জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে। তারা বলেন, অত্যন্ত গোপনীয়তার সঙ্গে চুক্তি করা হয়েছে। কেন এই গোপনীয়তা? চুক্তির প্রতিটি দিক জানার অধিকার জনগণের আছে।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বন্দর অর্থনীতির প্রাণরেখা। সমুদ্রবন্দরকে বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়া হলে এর প্রভাব সরাসরি দেশের অর্থনীতিতে পড়বে। তাই দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তার স্বার্থে অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সদস্য সিকদার হারুন মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।