বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু সম্প্রতি মন্তব্য করেছেন যে, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নতুন ষড়যন্ত্রের সূচনা হয়েছে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আমরা চাই এই নির্বাচনে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবে।" দুলু আরও উল্লেখ করেছেন যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা হয়েছে এবং তিনি আশ্বাস দিয়েছেন যে, আগামী ফেব্রুয়ারিতেই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তিনি সতর্ক করেছেন যে, জামাত-এনসিপি নির্বাচনে আগ্রহী নয় এবং তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, "আমি জনপ্রিয় হলে আমাকে ভোট দেবেন, না হলে আপনাদের পছন্দের অন্য প্রার্থীকে ভোট দেবেন। তবে নতুন ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"শনিবার (১৬ আগস্ট) নাটোরের নলডাঙ্গা উপজেলার ৪নং পিপরুল ইউনিয়নের ভূষণগাছায় ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভূষণগাছা শ্রীশ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামাণিক, সাধারণ সম্পাদক সত্যেন কুমার দাসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।