বাংলাদেশ, সোমবার, মে ২৫, ২০২৬
logo

রাজশাহীর পবা-মোহনপুর সিএনজি মালিকদের কর্মীসভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক published:  ১১ জুলাই, ২০২৫, ১০:৫৬ পিএম

রাজশাহীর পবা-মোহনপুর সিএনজি মালিকদের কর্মীসভা অনুষ্ঠিত

রাজশাহীর পবা উপজেলায় নওহাটায় পবা-মোহনপুর সিএনজি মালিক সমিতির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় নওহাটা মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা সিএনজি মালিক, চালক ও সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন। এসময় তিনি বলেন, “আজকে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও মালিকরা। সিএনজি মালিক-চালকরা দিনরাত পরিশ্রম করেও ঠিকমতো পরিবার নিয়ে চলতে পারছেন না। বর্তমান সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। দেশের মানুষ এখন ভোট দিতে পারে না, কথা বলতে পারে না। বিএনপি ক্ষমতায় এলে সিএনজি মালিক-শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। গাড়ি রেজিস্ট্রেশন, ফিটনেস ও লাইসেন্সে হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সেইসাথে, পরিবহন খাতের উন্নয়নে প্রকৃত মালিক ও শ্রমিকদের মতামত নিয়েই নীতি নির্ধারণ করা হবে।”

তিনি আরও বলেন, “আপনাদের এই ঐক্যবদ্ধতার মধ্যেই রয়েছে আগামী দিনের আন্দোলন-সংগ্রামের শক্তি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সকল অবিচারের প্রতিকার নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য।”

কর্মীসভায় সভাপতিত্ব করেন- সিএনজি সমিতির সদস্য এমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য মোহা. শরিফুর রহমান শরীফ, আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক, পৌর বিএনপি নেতা গোলাম মুর্তুজা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল ইসলাম ডনি, নওহাটা পৌর যুবদলের আহ্বায়ক সুজন মোল্লা, নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ও সিএনজি মালিক সমিতির সদস্য সোহেল রহমান, সিএনজি মালিক সমিতির সদস্য আরিফ হোসেন এবং সিএনজি মালিক সমিতির সদস্য আতাবুর।

কর্মীসভায় বক্তারা সিএনজি মালিক ও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়, লাইসেন্স ও ফিটনেস প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধ, অতিরিক্ত খরচ ও হয়রানি রোধ, মহাসড়কে সিএনজি চলাচলসহ নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। সভায় নওহাটা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং পবা-মোহনপুর সিএনজি মালিক সমিতির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।