চাপাইনবয়াবগঞ্জ প্রতিনিধি published: ২০ মার্চ, ২০২৫, ১০:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর উপজেলার এনায়েতপুর-নজরপুর সড়কে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে অটোরিকশা যাত্রীদের গাছে বেঁধে ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে তিনজন ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া ডাকাতি হওয়া একটি অটোরিকশা ও একটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. রেজাউল করিম।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ ও গোমস্তাপুর থানা পুলিশের যৌথ অভিযানে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত কয়েকদিনে তাদের গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন- শিবগঞ্জ উপজেলার রানিবাড়ি চাঁদপুর গ্রামের এনামুল হকের ছেলে মো. দেলোয়ার হেসেন (২৪), একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. ওয়াসিম (২৮), তহরুল ইসলামের ছেলে তৌহিদ আলী সুজন (২৬), পলাশবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. লালচান (৩২), গঙ্গারামপুর মোবারকপুর ইউনিয়নের মৃত সাইফুদ্দিন আহম্মেদের ছেলে মো. দিনুল ইসলাম (৪৩), দানিয়ালপুর মোবারকপুর গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে মো. আনারুল (৫২), বাটাগ্রাম এলাকার সেরাজুল ইসলামের ছেলে মো. কাজল (৩২)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, গ্রেফতাররা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে প্রত্যেকের নামে একাধিক ছিনতাই-চুরির মামলা রয়েছে। এমনকি একজন ডাকাত দলের সদস্য ঘটনার দুই দিন আগে জামিনে মুক্ত হয়ে এসে পুনরায় ডাকাতিতে অংশ নিয়েছেন। ছিনতাইয়ের শিকার ব্যক্তিরা সবাই একটি বিয়ে বাড়ি থেকে অটোরিকশায় ফেরার পথে এই ডাকাতির শিকার হন।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতারদের বেশিরভাগই কিশোর। ডাকাতি হওয়া সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সেই সঙ্গে যেকোনো এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি সদস্যদের আটক ও ছিনতাইয়ের মালামাল উদ্ধার করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অটোরিকশার যাত্রীদের গাছের সঙ্গে বেঁধে রেখে তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও সোনার গহনা এবং অটোরিকশাটি নিয়ে যায়। পরে এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।