নিজস্ব প্রতিবেদক published: ১৭ মার্চ, ২০২৬, ০৬:৫৭ এএম

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৫। আসন্ন ঈদকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
র্যাব জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে থাকা একটি লেবু বাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা পাওয়া যায়।
বস্তা দুটিতে বিস্ফোরক থাকার সন্দেহে র্যাব-৫-এর বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে বস্তা থেকে ২১টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেন। এ ছাড়া অন্য একটি বস্তা থেকে ৭২ সেন্টিমিটার দীর্ঘ একটি হাসুয়া, ৬৫ সেন্টিমিটার ও ৩৮ সেন্টিমিটার দৈর্ঘ্যের দুটি বড় ছোরা এবং ২৫ সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি চাকু উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, উদ্ধারকৃত এসব ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে স্থানীয়রা কোনো তথ্য দিতে পারেনি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকায় অস্থিরতা বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে সন্ত্রাসীরা এসব অস্ত্র ও বিস্ফোরক ওই স্থানে মজুত করেছিল।
উদ্ধারকৃত ককটেল ও দেশীয় অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।