ফয়সাল চৌধুরী আটপাড়া নেত্রকোনা published: ০৯ মার্চ, ২০২৬, ০৭:৩৬ এএম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নির্বাচনী এলাকায় অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকদের প্রতি কড়া বার্তা দিয়েছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।
বুধবার (৪ মার্চ) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি বলেন, ঈদকে সামনে রেখে বিভাগীয় ও জেলা শহর থেকে প্রিয়জনেরা আনন্দ ভাগাভাগি করতে কেন্দুয়া ও আটপাড়া উপজেলায় ফিরবেন। এ সময় অনেক পরিবহন চালক অতিরিক্ত ভাড়া আদায় করলে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হন।
তিনি সম্মানিত সিএনজি ও অন্যান্য যানবাহনের চালকদের প্রতি নির্ধারিত ও ন্যায্য ভাড়া গ্রহণ করার অনুরোধ জানান।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার জন্য সমান হওয়া উচিত এবং এ আনন্দ যেন কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার কারণে ম্লান না হয়।
এমপি হিলালী বলেন, মানবিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে যাত্রীদের সহযোগিতা করতে হবে। আসন্ন ঈদকে ঘিরে সবাই মিলে ন্যায্যতা ও সহমর্মিতার মাধ্যমে সুন্দর ও স্বস্তির পরিবেশ তৈরি করার আহ্বান জানান তিনি।
এদিকে এ স্ট্যাটাসের পর নেটিজেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশংসায় ভাসছেন এমপি হিলালী।