বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
logo

শিল্পী হতে বড় প্রতিষ্ঠানের প্রয়োজন নেই: অদম্য ইচ্ছায় ইতিহাস রাঙাচ্ছেন আবুল বাশার


নিজস্ব প্রতিবেদক published:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৩ পিএম

শিল্পী হতে বড় প্রতিষ্ঠানের প্রয়োজন নেই: অদম্য ইচ্ছায় ইতিহাস রাঙাচ্ছেন আবুল বাশার

শৈশব থেকেই ছবির প্রতি প্রবল আগ্রহ ছিল তরুণ শিল্পী আবুল বাশারের। প্রাতিষ্ঠানিক বা সামাজিক নানা বাধা সত্ত্বেও নিজের প্রচেষ্টায় ছবি আঁকা রপ্ত করেছেন তিনি। বর্তমানে তিনি দেয়ালচিত্রের মাধ্যমে তুলে ধরছেন ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান এবং মহান মুক্তিযুদ্ধের ইতিহাস।



দেয়ালে চিত্রাঙ্কনের জন্য শুরুতে কোনো জায়গা না পেয়ে তিনি নিজেই দোকানঘর ভাড়া নিয়ে ক্যানভাস তৈরি করেছিলেন। সেই ভিন্নধর্মী উদ্যোগের মাধ্যমেই তিনি পরিচিতি পেতে শুরু করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার আঁকা ছবিগুলো ছড়িয়ে পড়লে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। সম্প্রতি তিনি একটি বড় দেয়ালচিত্রে ভাষা আন্দোলনের মিছিল, প্ল্যাকার্ড এবং 'রাষ্ট্রভাষা বাংলা চাই' স্লোগান ফুটিয়ে তুলেছেন। একই সঙ্গে সেখানে ঠাঁই পেয়েছে স্বাধীনতা সংগ্রামের আবহ এবং জাতীয় পতাকার চিত্র।


আবুল বাশারের মতে, দেয়াল কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং এটি ইতিহাস ও চেতনা জানানোর একটি শক্তিশালী মাধ্যম। তিনি চান দেশের বিভিন্ন স্থানে এ ধরনের দেয়ালচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে। 



তার মতে: "শিল্পী হতে বড় প্রতিষ্ঠানের চেয়ে বেশি প্রয়োজন ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং ভিন্নভাবে ভাবার সাহস।"


মোঃ আবুল বাশার সৃজনশীল প্রতিষ্ঠান 'ইভলভ'-এর স্বত্বাধিকারী। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শেষ করেছেন। বর্তমানে তিনি একই বিশ্ববিদ্যালয়ে 'বাংলাদেশের ভূ-দৃশ্য চিত্রকলা' বিষয়ের ওপর এম.ফিল করছেন।


রাজশাহীতে বড় একটি দেয়ালে ছবি আঁকার মধ্য দিয়ে আলোচনায় আসা এই শিল্পী ভবিষ্যতে বড় পরিসরে কাজ করার ইচ্ছা পোষণ করেন। সুযোগ পেলে তিনি দেশের বিভিন্ন প্রান্তে ইতিহাসভিত্তিক দেয়ালচিত্র আঁকতে চান। বর্তমানে তার এই কাজ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে।