বাংলাদেশ, শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
logo

"একটি ইটের অপেক্ষা: স্বল্পমূল্যের পণ্যের আশায় বারোরাস্তার মোড়ে দীর্ঘশ্বাস"


নিজস্ব প্রতিবেদক published:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৪৮ এএম

"একটি ইটের অপেক্ষা: স্বল্পমূল্যের পণ্যের আশায় বারোরাস্তার মোড়ে দীর্ঘশ্বাস"

রাজশাহী মহানগরীর বারোরাস্তার মোড়। অন্যান্য দিনের চেয়ে আজ ২৭ (ফেব্রুয়ারি) শুক্রবার সেখানে মানুষের উপস্থিতি একটু ভিন্ন। কোনো মিছিল বা সমাবেশ নয়, বরং সড়কের পাশে পড়ে থাকা সারিবদ্ধ কিছু ইট বলে দিচ্ছে এক অনিশ্চিত অপেক্ষার গল্প।




জ্বালানি তেল থেকে শুরু করে চাল-ডাল-পেঁয়াজ, নিত্যপণ্যের উর্ধ্বগতির এই বাজারে একটু স্বস্তির খোঁজে এখানে জড়ো হয়েছেন শত শত নিম্নআয়ের মানুষ। তারা শুনেছেন, আজ এখানে টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) পণ্যবাহী ট্রাক আসবে। স্বল্পমূল্যে তেল, ডাল আর চিনি পাওয়ার আশায় ভোর হওয়ার আগেই অনেকে চলে এসেছেন এখানে।






সরেজমিনে দেখা যায়, ট্রাক কখন আসবে সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তাদের কাছে। তবুও লাইনে নিজের জায়গা ধরে রাখতে ইট দিয়ে সারি করে রেখেছেন তারা। একেকটি ইট যেন একেকটি পরিবারের টিকে থাকার সংগ্রাম।




লাইনের শুরুতে দাঁড়িয়ে থাকা এক দিনমজুর বলেন, "বাজারে জিনিসের যে দাম, তাতে আমাদের মতো মানুষের না খেয়ে থাকার উপায়। শুনেছিলাম আজ এখানে ট্রাক আসবে, তাই ফজরের আজানের পরেই ইট রেখে জায়গা দখল করেছি। ট্রাক কখন আসবে জানি না, তবে না নিয়ে বাড়ি ফিরব না।"






বেলা বাড়ার সাথে সাথে মানুষের ভিড় বাড়ছে, বাড়ছে রোদের তীব্রতাও। কিন্তু প্রতীক্ষিত ট্রাকের দেখা নেই। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা নারীরা জানান, সংসারের কাজ ফেলে তারা এখানে এসেছেন শুধু দুই টাকা সাশ্রয় করতে। ট্রাক আসতে দেরি হওয়ায় অনেকের চোখেমুখেই দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।




বাজারের অগ্নিমূল্য থেকে বাঁচতে টিসিবির পণ্যই এখন এসব মানুষের একমাত্র ভরসা। আর সেই ভরসাটুকু পাওয়ার জন্য ঘণ্টার পর ঘণ্টা অনিশ্চিত অপেক্ষায় থাকা এখন রাজশাহী মহানগরীর নিম্নআয়ের মানুষের নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে।