সাইফুল ইসলাম || বাউফল প্রতিনিধি published: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৫৪ এএম

বাউফল উপজেলার সদর ও কালাইয়া বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদার করতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুটি মামলায় মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দুপুরে পৌর শহর ও কালাইয়া বাজারের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মুদি ও সবজি দোকান পরিদর্শন করা হয়। এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সরকার নির্ধারিত সীমার মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয় এবং কৃত্রিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু জানান, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখা ও বাজার ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।