রামেক হাসপাতালে ১০ টাকার টিকিটে মিলছে শুধু অবহেলা
তানভির মাহাতাব | মহানগর প্রতিনিধি published: ২৫ জানুয়ারী, ২০২৬, ০২:৩৪ পিএম

রাজশাহী অঞ্চলের মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। কিন্তু এই হাসপাতালের বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস। অভিযোগ উঠেছে, ১০ টাকার টিকিটে ডাক্তার দেখানো গেলেও মিলছে না প্রয়োজনীয় সরকারি ওষুধ, উল্টো জুটছে চিকিৎসকদের দুর্ব্যবহার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৮টা থেকেই দূর-দূরান্ত থেকে আসা শত শত মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ১০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেন। তাদের আশা ছিল—বিনা মূল্যে সরকারি ওষুধ পাবেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী আক্ষেপ করে বলেন, "১০ টাকা খরচ করে টিকিট কাটলাম, কিন্তু ডাক্তার একগাদা ওষুধের নাম লিখে দিয়ে বললেন বাইরে থেকে কিনে নিতে। সরকারি ওষুধের সাপ্লাই আছে শুনলাম, কিন্তু আমাদের কপালে জোটে না।"
হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এক বৃদ্ধাকে। কান্নার কারণ জানতে চাইলে তিনি বলেন, "বাবা, আমরা গরিব মানুষ। চেম্বারে মোটা অংকের টাকা দিয়ে ডাক্তার দেখানোর সামর্থ্য নেই বলেই তো সরকারি হাসপাতালে আসি। কিন্তু ডাক্তাররা কথা শুনতেই চান না। একটু প্রশ্ন করলে তেড়ে আসেন, খারাপ আচরণ করেন। আমরা কি মানুষ নই?"
অভিযোগ রয়েছে যে, হাসপাতালের ভেতরে সরকারি ওষুধের মজুদ থাকলেও একটি বিশেষ চক্রের কারণে তা সাধারণ রোগীদের হাতে পৌঁছায় না। রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে, যা নিম্নবিত্ত পরিবারের জন্য গোদের ওপর বিষফোড়া হয়ে দাঁড়িয়েছে।
সাধারণ মানুষের এখন একটাই দাবি—হাসপাতাল কর্তৃপক্ষ যেন এই অরাজকতা বন্ধে কঠোর পদক্ষেপ নেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কি পারবে সাধারণ মানুষের এই চোখের জল মুছিয়ে প্রকৃত সেবার আশ্রয়স্থল হয়ে উঠতে? উত্তর খুঁজছে ভুক্তভোগী জনসাধারণ।