ডেস্ক নিউজ published: ২০ নভেম্বর, ২০২৫, ০৪:৪০ পিএম

আন্দোলন ও ককটেল মেরে অরাজকতা করে পুলিশের মনোবল ভাঙার চেষ্টা না করতে অনুরোধ জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ. মো. সাজ্জাত আলী।
তিনি বলেছেন, অনেক কষ্টের ফলে পুলিশের মনোবল ফিরে এসেছে। আবার পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না। তাহলে, আপনাদের ৫ আগস্টের পরবর্তী সময়ের মতো বাঁশের লাঠি হাতে রাত জেগে বাড়িঘর পাহারা দিতে হবে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিবি সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি নগরবাসীর প্রতি এই অনুরোধ জানান।
ডিএমপি কমিশনার বলেন, পুলিশ যখন কোন একটি অরাজকতা ঠেকানো বা প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সাথে কি ধরনের ব্যবহার করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। যারা এই ধরনের ব্যবহার আমার অফিসারদের সাথে করেন তাদেরকে অনুরোধ করব, আমার অফিসারদের সাথে আপনারা এহেন আচরণ করবেন না। আমরা আপনাদের সাথে রাস্তায় কোন সংঘাতে জড়িত হওয়ার জন্য নয়। আমরা আপনাদেরকে সেবা দিতে চাই। আপনারা যে কাজটি করতে চাচ্ছেন সেটি করলে সমাজে ঢাকা শহরে দেশে একটা অরাজকতাপূর্ণ পরিবেশের সৃষ্টি হবে। গণঅভ্যুত্থান হয়ে গেছে। সরকারের পরিবর্তন হয়েছে। এখন যদি এরূপ কার্যকলাপ করা হয় তাহলে সমাজে অস্থিরতা দেখা দিবে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমার অফিসাররা নিয়োজিত ছিল। কিন্তু এরূপ ব্যবহার আমাদেরকে বড়ই মর্মাহত করেছে। আমরা এরূপ ব্যবহার কোন শিক্ষিত, বুঝবান মানুষের থেকে আশা করি না।
পল্লবীতে ককটেলে পুলিশ কর্মকর্তা আহত হওয়ার বিষয় তিনি বলেন, গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল মেরে আহত করা হয়েছে। আমার নিরপরাধ অফিসার থানার সামনে রাস্তায় ছিল। নিরপরাধ মানুষটিকে এইভাবে ককটেল মেরে আহত করা হলো। এতে আমার অফিসারদের মনোভাব নষ্ট হয় এবং পরিণতিতে আপনারা আমরা সবাই ক্ষতিগ্রস্ত হবো।
তিনি আরো বলেন, ৫ আগস্টের পর ৮০ বছরের বৃদ্ধ লোককেও বাঁশের লাঠি নিয়ে মহল্লার মধ্যে পাহারা দিতে হয়েছে। আমার অফিসারদের মনোবাল যদি ভেঙে যায়, তাহলে আপনাদেরকে আবার এই বাঁশের লাঠি নিয়ে রাস্তায় নেমে বাড়িঘরের পাহারা দিতে হবে। সুতরাং, যারা এই ধরনের দুর্বৃত্তায়নের কাজ করছেন, ককটেল মেরে আমার লোকের মনোবল ভাঙ্গার জন্য চেষ্টা করছেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এইরূপ কাজটি করবেন না। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি নিরাপদ থাকার জন্য, ভালো থাকার জন্য।
তিনি আরো বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অভ্যুত্থানের পরে অনেক ভয়ঙ্কর অবস্থায় ছিল। আমাদের অনেক চেষ্টায়, অনেক অনেক কষ্টের ফলে আপনাদের সহযোগিতায় আজকে পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছে। আর এই মনোবলকে ভাঙ্গার চেষ্টা প্লিজ করবেন না। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ।
ককটেল নিক্ষেপকারীদের গুলি করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা আইনটা দেখেন। আমি নিজে কোনো আইন বানায়নি। আইন বানায় পার্লামেন্ট। এদেশের বেসিক আইনে বলা হয়েছে। আপনারা আইনটা দেখেন। আমি কোন নির্দেশ দেইনি। আমার অফিসারদেরকে আমি শুধু বলছি, আইনে এই কথাটা বলা আছে।