স্পোর্টস ডেস্ক published: ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৫৮ পিএম

বিশ্বকাপে দল সংখ্যা বাড়ার সুযোগে একের পর এক নতুন দল উঠে আসছে ফুটবলের সবচেয়ে বড় আসরে। কয়েক দিন আগে জনসংখ্যায় বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কেপ ভার্দে বিশ্বকাপের টিকিট পায়। এবার আরও বড় ইতিহাস গড়ল কুরাসাও। আয়তনে সবচেয়ে ছোট দেশ হিসেবে জায়গা করে নিল ২০২৬ সালের বিশ্বকাপে।
গত শুক্রবার বারমুডাকে ৭–০ গোলে হারিয়ে বিশ্বকাপের পথে এক পা বাড়িয়েছিল কনক্যাকাফ অঞ্চলের দেশটি। জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্র নিশ্চিত করল তাদের ইতিহাস। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে ১ লাখ ৫৬ হাজার জনসংখ্যার দেশ কুরাসাও, যার আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার।
কনক্যাকাফের বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ ‘এইচ’-এ শীর্ষে থেকে শেষ করেছে কুরাসাও। ছয় ম্যাচে ৩ জয় ও ৩ ড্র নিয়ে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে জ্যামাইকা।
দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার ঠিক উত্তরে ক্যারিবিয়ান সাগরের দ্বীপদেশ কুরাসাও অবস্থিত। দুটি দ্বীপ নিয়ে দেশটি গঠিত মূল কুরাসাও দ্বীপ ও জনবসতিহীন ‘লিটল কুরাসাও’। ভৌগোলিকভাবে দক্ষিণ আমেরিকার কাছে হলেও আন্তর্জাতিক ফুটবলে তারা কনক্যাকাফ অঞ্চলে খেলে।
এই ঐতিহাসিক অর্জনের নেপথ্যের নায়ক কোচ ডিক অ্যাডভোকাট এবং ফরোয়ার্ড জেরভেন কাস্টনিয়ার। নেদারল্যান্ডস জাতীয় দলসহ রেঞ্জার্স ও সান্ডারল্যান্ডের মতো দল কোচিংয়ের অভিজ্ঞ অ্যাডভোকাট দলকে দুর্দান্তভাবে গড়ে তুলেছেন। আর কাস্টনিয়ার বাছাইয়ের পাঁচ ম্যাচে করেছেন ৫ গোল।