বাংলাদেশ, মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
logo

নড়াইলের নড়াগাতীতে অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার


উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: published:  ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৬ পিএম

নড়াইলের নড়াগাতীতে   অজ্ঞাত কিশোরীর অর্ধগলিত লাশ  উদ্ধার


নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার  যোগানিয়া-নলামারা এলাকায় অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নড়াগাতী থানা পুলিশ। নিহত কিশোরীর পরিচয় এখনও পাওয়া যায়নি। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে স্থানীয়রা যোগানিয়া-নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি ডোবার কাছ থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কচুড়িপানার ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এটি একটি কিশোরীর মরদেহ, যার বয়স আনুমানিক ১৬ থেকে ১৭ বছর। মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের অংশ হিসেবে আমরা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু করেছি এবং মৃতদেহের পরিচয় নির্ধারণের পাশাপাশি হত্যার কারণ উদঘাটনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি।

স্থানীয়রা জানিয়েছেন, ডোবার কাছ থেকে দুর্গন্ধের কারণে প্রথমে তারা আশঙ্কা করেছিলেন এটি কোনো পশুর মরদেহ। পরে কচুড়িপানার ভেতরে অর্ধগলিত কিশোরীর মরদেহ দেখে তারা থানা পুলিশকে খবর দেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার হওয়ার পর তা ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ শনাক্তকরণের জন্য পাঠানো হবে। থানা পুলিশ ঘটনাস্থলে নজরদারি বাড়িয়ে রেখেছে এবং হত্যাকারী বা হত্যার সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।

ঘটনাটি এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে। স্থানীয়রা শিশু ও কিশোরীদের নিরাপত্তা বিষয়ে সচেতন হওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।