নওগাঁ জেলা প্রতিনিধিঃ published: ২৪ আগস্ট, ২০২৫, ১১:৫৬ পিএম

নওগাঁ সদরের অদূরেই অবস্থিত ঐতিহ্যবাহী হাঁসাইগাড়ি বিল বর্তমানে দেশ-বিদেশে ভাইরাল পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে। কেউ একে মিনি কক্সবাজারও আখ্যা দেন। ঐতিহাসিক দুবলহাটি রাজবাড়ীর পাশে অবস্থিত হওয়ায় ভ্রমণপিপাসুদের কাছে এর আকর্ষণ আরও বেড়েছে।
প্রতিদিনই দর্শনার্থীর সমাগমে সরব থাকে এলাকাটি। ইউটিউবার, টিকটকার, রেস বাইকার ও ব্যান্ড শিল্পীদের উপস্থিতি এখানকার পরিবেশকে আরও জমজমাট করে তোলে। তবে শুক্রবার ও শনিবার দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে সরু রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়, ফলে সাধারণ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
স্থানীয়রা অভিযোগ করেছেন, অপরিকল্পিতভাবে দোকানপাট, হোটেল ও গ্যারেজ গড়ে উঠেছে। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে সমস্যা আরও বেড়েছে। এ ছাড়া ভ্রমণকারীদের অনেকেই সন্ধ্যার পর থেকে নৌকা ভাড়া নিয়ে অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিটি নৌকা প্রতিদিন কয়েক হাজার টাকা ভাড়ায় চলে। এতে প্রভাবশালী কিছু ব্যক্তি আর্থিকভাবে লাভবান হলেও এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলে মনে করেন সচেতন মহল।
স্থানীয়দের দাবি, পরিবার-পরিজন নিয়ে দিনের বেলায় ভ্রমণ ভালো, কিন্তু রাতে তরুণ-তরুণীদের অনৈতিক মেলামেশা এলাকাবাসীর জন্য উদ্বেগজনক। তারা দ্রুত উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি করেছেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী গণমাধ্যমকে জানান, “শুক্রবার ও শনিবার ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটক করা সম্ভব নয়।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন বলেন, “আমি ইতোমধ্যে এসি ল্যান্ডকে বিষয়টি জানিয়েছি। অসুস্থতার কারণে কিছুটা বিলম্ব হলেও শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।”