বাংলাদেশ, সোমবার, মে ২৫, ২০২৬
logo

শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেব না: মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক published:  ০৩ আগস্ট, ২০২৫, ০৬:৪৬ পিএম

শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেব না: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “ফ্যাসিস্ট হাসিনাকে আমরা আর এ দেশে রাজনীতি করতে দেব না।”


রোববার (৩ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান’ দিবস উপলক্ষে শাহবাগে ছাত্রদল আয়োজিত ছাত্রসমাবেশে এসব মন্তব্য করেন তিনি।



মির্জা ফখরুল বলেন, “আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ অনেক চেষ্টা চলছে দেশকে বিভক্ত করার। পাশের দেশ ভারত থেকে হুমকি দিয়ে আমাদের দেশে গোলযোগ সৃষ্টির চেষ্টাও হচ্ছে।”



তিনি আরও বলেন, “এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে—কোনোদিনই আমরা মাথানত করব না, কোনোদিনই ফ্যাসিস্ট শাসন মেনে নেব না। আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তুলতে হবে, তার নেতৃত্ব দেবেন তারেক রহমান।”



ছাত্র সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।


ফখরুল বলেন, “নতুন সূর্য উঠেছে। আমাদের সামনে এসেছে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। আমাদের ছাত্ররা ত্যাগ স্বীকার করে সেই পথ তৈরি করেছে।”


তিনি দাবি করেন, “গোটা দেশের মানুষ অপেক্ষায় আছে—তারেক রহমান দেশে ফিরবেন, নেতৃত্ব দেবেন। জনগণ নতুন নির্বাচন ও পরিবর্তনের অপেক্ষায়।”


সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সভাপতিত্ব করেন। এছাড়া বিএনপির সিনিয়র নেতারাও বক্তব্য দেন।


ছাত্রদলের এই সমাবেশ ঘিরে শাহবাগ এলাকায় ছিল কড়া নিরাপত্তা।