বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

জাতীয় সমাবেশে অসুস্থ জামায়াত আমির, খোঁজ নিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান

কুমিল্লা অফিস | বার্তা বিভাগ

published: 20 July, 2025, 01:29 PM

জাতীয় সমাবেশে অসুস্থ জামায়াত আমির, খোঁজ নিয়েছেন খালেদা জিয়া ও তারেক রহমান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পরবর্তীতে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন এবং বর্তমানে অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন।

 

শনিবার (১৯ জুলাই) রাত ১১টায় নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান জানান, অসুস্থতার খবর পেয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার খোঁজ নিয়েছেন।


তিনি লিখেন,

“আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি। আমার এই সাময়িক অসুস্থতার কারণে আজকের সমাবেশে যে বিঘ্ন ঘটেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি ইচ্ছাকৃত ছিল না। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।”

অসুস্থতার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদসহ কয়েকটি দলের নেতৃবৃন্দ সরাসরি হাসপাতালে গিয়ে তার খোঁজ নিয়েছেন।

এছাড়াও খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, খেলাফত আন্দোলন, এনসিপি, জমিয়তে ওলামায়ে ইসলামের নেতৃবৃন্দসহ বহু ব্যক্তি খোঁজ নিয়েছেন বলে জানান তিনি।

ডা. শফিকুর রহমান আরও লেখেন,

“দেশ-বিদেশের অসংখ্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এমনকি প্রবাসী বাংলাদেশিরাও আমার খোঁজ নিয়েছেন। সরকারের বিভিন্ন উপদেষ্টাও খোঁজ নিয়েছেন। আমি তাদের সকলের কাছে কৃতজ্ঞ ও দোয়ার জন্য ঋণী। আল্লাহ যেন এই ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান দেন এবং আমাকে মানবতার জন্য কাজ করার তাওফিক দেন।”

National