বাংলাদেশ, শনিবার, এপ্রিল ১৮, ২০২৬

৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, শনাক্ত হচ্ছে দায়ীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

অনলাইন ডেক্স

published: 05 October, 2025, 04:57 PM

৭৯৩ মণ্ডপে অসুরের মুখে দাড়ি, শনাক্ত হচ্ছে দায়ীরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, চলতি বছর শারদীয় দুর্গাপূজায় সারা দেশে ৭৯৩টি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছিল, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে করা হয়। ইতোমধ্যে এ ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ চলছে।

রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ, সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরও এতে ইন্ধন ছিল। তবে তাঁদের সেই ষড়যন্ত্র সফল হয়নি।”

তিনি আরও বলেন, “ঘটনাটি তদন্তে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গতবারের মতো এবারও সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এজন্য সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ জনগণ এবং গণমাধ্যমকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও উল্লেখ করেন, “পার্বত্য চট্টগ্রামে ধর্ষণের অভিযোগ তুলে অশান্তি সৃষ্টি এবং পূজামণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত- এসবের পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদদ রয়েছে, যা ইতোমধ্যে গোয়েন্দা সংস্থার নজরে এসেছে।”

ভারতের পশ্চিমবঙ্গের একটি পূজামণ্ডপে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মুখের আদলে অসুরের মুখ তৈরির ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “পার্শ্ববর্তী দেশে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, অসুরের মুখে দাড়ি লাগানোর মধ্যেও তার যোগসূত্র দেখা যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, গোয়েন্দা সংস্থার নজরদারি এবং পূজামণ্ডপ কমিটির সহযোগিতায় কুচক্রীদের চক্রান্ত ব্যর্থ হয়েছে।”

National