বাংলাদেশ, বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
সরগরম ইদ-বাজার

অভিজাত শপিং মল থেকে ফুটপাত পর্যন্ত কেনাকাটার ধুম

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নিজস্ব প্রতিবেদক

published: 14 March, 2026, 03:25 AM

অভিজাত শপিং মল থেকে ফুটপাত পর্যন্ত কেনাকাটার ধুম

ইদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাজারগুলো এখন জমে উঠেছে। নতুন পোশাক, জুতা, প্রসাধনী, শিশুদের জামা-সব মিলিয়ে দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ করে মহানগরীর সাহেববাজার, নিউমার্কেট, আরডিএ মার্কেটসহ অন্যান্য শপিং মল এবং ফুটপাতের দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটার ধুম চলছে। ইদের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে বিক্রি। নগরীর সাহেববাজার এলাকার ফুটপাত ও আরডিএ মার্কেট বরাবরই নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের কেনাকাটার কেন্দ্রবিন্দু। এ এলাকাগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে রমজানের দ্বিতীয় সপ্তাহ থেকেই। রাস্তার পাশে বসা অস্থায়ী দোকানগুলোতে বিভিন্ন ধরনের পোশাক এবং জুতা সাজানো রয়েছে। সেখানে পছন্দের পোশাক কিনতে আসছেন নানা বয়সী মানুষ। 




বিক্রেতারা জানান, ফুটপাতের দোকানে কম দামে পছন্দের পণ্য পাওয়া যায়, আর এ কারণে এখানকার বিক্রি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সাহেববাজার সেন্ডেল পট্টির এক বিক্রেতা বলেন,“ইদের জন্য নানা ধরনের জুতা আনা হয়েছে। ক্রেতাদের সামর্থ্য অনুযায়ী দামও রাখা হয়েছে। প্রথম দিকে বিক্রি কম ছিল, তবে ইদের দিন যত কাছে আসছে, বিক্রি ততই বাড়ছে।”




রাজশাহীর বড় বড় শপিং মলগুলোতেও ইদের বাজার জমে উঠেছে। নিউজ মার্কেট, থিম ওমর প্লাজার মতো শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ছে। এখানে পছন্দের পোশাক কিনতে পরিবার নিয়ে আসছেন অনেকেই। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় আরডিএ মার্কেটের শপিং মলগুলোতে ঘুরে দেখা যায়, প্রতিটি ফ্লোরেই ক্রেতাদের ভিড় রয়েছে। দেশি ও বিদেশি ব্র্যান্ডের দোকানগুলোতে ইদের জন্য নতুন ডিজাইনের পোশাক সাজিয়ে রাখা হয়েছে।




আরডিএ মার্কেটের এক বিক্রয়কর্মী জানান, রোজার প্রথম দিকে তুলনামূলক কম ক্রেতা ছিল, তবে দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রেতাদের ভিড় বেড়েছে।




বিক্রেতারা জানান, সন্ধ্যার পর এখানে ক্রেতাদের চাপ সবচেয়ে বেশি থাকে।




পবা উপজেলা থেকে মার্কেটে সপরিবারে ইদের বাজার করতে এসেছে আনোয়ার হোসেন- তিনি জানান, ছুটির দিনে ইদের বাজার করতে এসেছি। সপরিবারে এখানে আসতে পেরে আমি খুব খুশি। পছন্দের পোশাক কিনে পরিবারের সবাইকে সাথে নিয়ে ইদের আনন্দ উপভোগ করতে পারবো।




রাজশাহীর বাজারে ইদের আমেজ এখন পুরোপুরি অনুভূত হচ্ছে। শুধু পোশাক নয়, গয়না এবং অন্যান্য সাজসজ্জার পণ্যের চাহিদাও বেড়ে গেছে। জুয়েলারি দোকানগুলোর বিক্রেতারা জানান, ইদের আগে এই সময়টাতেই তাদের ব্যবসা সবচেয়ে বেশি হয়। 




ব্যবসায়ীরা বলছেন, নতুন মাসের শুরুতে অনেক চাকরিজীবী বেতন পেয়েছেন। তাই আগামী কয়েক দিনে বাজারে ক্রেতা আরও বাড়তে পারে।




রাজশাহীর বিভিন্ন উপজেলা থেকেও অনেকেই এসব মার্কেটে শপিং করতে আসছেন। অনেকে পরিবার নিয়ে সময় কাটানোর জন্য থিম ওমর প্লাজা শপিং মল বেছে নিচ্ছেন। কারণ কেনাকাটার পাশাপাশি সেখানে ফুডকোর্ট ও বিনোদনের ব্যবস্থা রয়েছে।




সব মিলিয়ে বলা যায়, ইদ সামনে রেখে রাজশাহী মহানগরীর ফুটপাত থেকে শুরু করে অভিজাত শপিং মল- সব জায়গাতেই এখন উৎসবের আমেজ। নতুন পোশাক আর প্রিয়জনদের হাসিমুখের প্রত্যাশায় ক্রেতাদের ভিড়ে মুখর হয়ে উঠেছে নগরীর ইদের বাজার।

National

সারাদেশ আরোও দেখুন