"দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে নেজামপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দুর্যোগকালীন জরুরি উদ্ধার অভিযান, অগ্নিনির্বাপণ এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি বাস্তবধর্মী প্রস্তুতি মহড়া প্রদর্শন করেন নাচোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা দুলাল হোসেন, বিআরডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহির উদ্দিন, নাচোল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ এমদাদ হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা আল আমিন,
এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনার কার্য সহকারী শাহিন আলম এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবেলার গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট—উভয় ধরনের দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে পূর্ব প্রস্তুতির কোনো বিকল্প নেই। তারা উল্লেখ করেন যে, বর্তমান সরকার অতীতের যেকোনো সময়ের চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় অনেক বেশি সক্ষম ও আধুনিক।
বক্তারা আরও বলেন, সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হলে দুর্যোগের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। এজন্য সাধারণ মানুষকে আরও বেশি সচেতন ও প্রশিক্ষিত হতে হবে।
মহড়া শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দুর্যোগকালীন করণীয় বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।