নাটোর শহরের লালবাজার মহল্লায় নিজ বাসার সিঁড়িঘর থেকে ভাস্কর বাগচী (৪৮) নামে এক আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।
ভাস্কর বাগচী ওই এলাকার চান্দু বাগচীর ছেলে। তিনি পেশায় আইনজীবী হলেও কর আইন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করতেন। পাশাপাশি তিনি জেলা হিন্দু মহাজোটের সভাপতি ও নাটোরের সাংস্কৃতিক সংগঠন ‘ঈঙ্গিত থিয়েটার’-এর অভিনেতা ছিলেন।
সদর থানা সূত্রে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে তাঁর স্ত্রী ও সন্তানরা বাইরে থেকে ফিরে বাসার সিঁড়িঘরে রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ভাস্কর বাগচীকে দেখতে পান। দ্রুত তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ও সহকর্মী আইনজীবীরা হাসপাতালে ছুটে যান। গভীর রাতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
আজ রোববার (৫ অক্টোবর) ময়নাতদন্ত শেষে পৌর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিন দুপুরে জেলা জজ আদালতে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে তাঁর স্মরণে সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সরকারি কৌঁসুলি রুহুল আমীন তালুকদার বলেন, “ভাস্কর বাগচীর মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ময়নাতদন্তে পরিবারের আপত্তি থাকলেও আইনি জটিলতা এড়াতে তা সম্পন্ন করা হচ্ছে।”
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”