নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় গ্রাম পুলিশদের দক্ষতা বৃদ্ধিসহ নানা বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ, অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় এসব কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় গ্রাম পুলিশদের প্যারেড প্রশিক্ষণ ও মূল্যায়ন। সঠিকভাবে দায়িত্ব পালন, প্যারেড এবং সালামি প্রদানের বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন, মান্দা। প্রশিক্ষণ শেষে প্যারেড মূল্যায়নে চ্যাম্পিয়ন হয় ভারশোঁ ইউনিয়ন, রানার্স আপ মান্দা ইউনিয়ন এবং তৃতীয় স্থান অর্জন করে কুসুম্বা ইউনিয়ন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী।
এদিন উপজেলার বুড়িদহ মৎস্য অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে বেশ কিছু মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয় এবং জীবিত মাছ নদীতে অবমুক্ত করা হয়।
এছাড়া উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি।
অপরদিকে, জোতবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ইউক্যালিপটাস গাছ বিক্রির সময় তা জব্দ করে বিনষ্ট করা হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অন্যদিকে, সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উদ্যোগে কমিউনিটি রিসোর্স পারসনদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুশাসন প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারে এ ধরনের উদ্যোগ চলমান থাকবে।