ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর ব্যবসায়ী রতন শেখের (৪২) মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শহরের টেপাখোলা নৌবন্দরের মদনখালী ঘাট এলাকা থেকে নদীতে ভাসমান অবস্থায় রতন শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরিবারের অভিযোগ, বৃস্পতিবার (২৪ জুলাই) রাত ১২টার দিকে কেউ একজন মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রতন। ফরিদপুর কোতায়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। রতন শেখ জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চাটাম বাজার গ্রামের মৃত নওয়াব আলী শেখের ছেলে। তিনি পেশায় একজন ছাগল ব্যবসায়ী ছিলেন।
ফরিদপুর কোতায়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে বাড়ি থেকে বের হন রতন। এরপর আর বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে তার পরিবারের সদস্যরা। তাকে না পেয়ে শনিবার সকালে নিহতের স্ত্রী কোতয়ালী থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করেন। পরে শনিবার রাতে শহরের টেপাখোলা সিঅ্যান্ডবি ঘাট এলাকায় তার মরদেহ পদ্মা নদীতে ভাসমান দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
তিনি আরও বলেন, সংবাদ পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।