বাংলাদেশ, সোমবার, মে ২৫, ২০২৬

হাদির শিক্ষা থেকে রাজনৈতিক জীবন

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

স্টাফ রিপোর্টার

published: 19 December, 2025, 12:19 AM

হাদির শিক্ষা থেকে রাজনৈতিক জীবন

সারা দেশকে শোকস্তব্ধ করে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হাদির ভেরিফায়েড পেইজ থেকে তার মৃত্যুর তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।


এর আগে, ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে গুরুতর আহত করেন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।


শিক্ষা ও শিক্ষকতা জীবন :


শরিফ ওসমান হাদি ১৯৯৩ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন মাদ্রাসা শিক্ষক ছিলেন, যার আদর্শ ও নৈতিক শিক্ষা হাদির জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি তিন ভাই ও তিন বোনের মধ্যে কনিষ্ঠ।


হাদির শিক্ষা জীবনের ভিত্তি গড়ে ওঠে ঝালকাঠির বিখ্যাত ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা থেকে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে ঢাকায় চলে আসেন। ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


শিক্ষাজীবন শেষ হওয়ার পর হাদি শিক্ষকতা পেশাকে বেছে নেন। কোচিং সেন্টার ও একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালীন শিক্ষার্থীদের মাঝে তিনি জনপ্রিয়তা অর্জন করেন।


শরিফ ওসমান হাদি একজন সন্তানের জনক। তার প্রাত্যহিক জীবন পরিবার, শিক্ষকতা ও জ্ঞানচর্চাকে কেন্দ্র করে আবর্তিত হতো।


ইনকিলাব মঞ্চ গঠন :


জুলাই গণঅভ্যুত্থানের পর ওসমান হাদির নেতৃত্বে গড়ে ওঠে ইনকিলাব মঞ্চ, যা স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণকে লক্ষ্য হিসেবে নিয়েছে। সংগঠনটি সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয়। এবার ডাকসু নির্বাচনে ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা নির্বাচিত হন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক হিসেবে।


রাজনৈতিক কর্মকাণ্ড :


ওসমান হাদি তার তীব্র বক্তব্য ও সাহসী ভাষণের জন্য পরিচিত ছিলেন। তিনি আওয়ামী লীগের নীতি ও কর্মকাণ্ড সমালোচনা করেছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে বিশ্বের নজির হিসেবে উল্লেখ করেছেন।

চলতি বছর তিনি সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকারের দুর্বলতা এবং দেশের রাজনৈতিক পরিবর্তনের ঘাটতির সমালোচনা করেছেন এবং জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন।

গত নভেম্বর মাসে হাদি সামাজিক মাধ্যমে জানান, দেশি-বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তার বাড়িতে আগুন দেওয়ার হুমকি এবং পরিবারের প্রতি ভয়ংকর হুমকির কথাও তিনি প্রকাশ করেন। তবুও তিনি জানিয়েছিলেন, ‘জীবননাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাব না।’


স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণা : 


সম্প্রতি হাদি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। প্রতি শুক্রবার তিনি জনসংযোগ ও প্রচারণা কার্যক্রম চালাতেন। হামলার দিনও জুমার নামাজের পর মসজিদে লিফলেট বিতরণ ও সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা ও খাবারের কর্মসূচি ছিল। কিন্তু ঠিক সেই সময় হামলার ঘটনা ঘটে।


শরিফ ওসমান হাদির জীবন ও কর্মযাত্রা শিক্ষাগত অঙ্গন থেকে রাজনৈতিক আন্দোলন—দুই ক্ষেত্রেই দেশের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

National