বাংলাদেশ, সোমবার, মে ২৫, ২০২৬
প্রতি মণে ৫ কেজি ফ্রি নিচ্ছে ব্যবসায়ীরা

আমের বাজারে ধস

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

বাঘা প্রতিনিধি

published: 15 June, 2025, 01:54 AM

আমের বাজারে ধস

আমের জন্য দেশ বিখ্যাত রাজশাহীতে এবার আমের বাজারে ধস নেমেছে। অনেকেই বলছেন, এ বছর আমের ভরা মৌসুমে ঈদুল আযহা উদযাপন হওয়ায় আমের দাম পড়ে গেছে। আর এই সুযোগটি কাজে লাগিয়েছেন ব্যবসায়ীরা। তারা বাগান মালিকদের নিকট হতে এক মণ আম ক্রয় করলে উদ্বৃত্ত পাঁচ কেজি নিচ্ছেন (ঢলন)ফ্রি আম। এতে করে বাগান মালিকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।


রাজশাহী কৃষি বিভাগের দেয়া তথ্য মতে, আমের জন্য রাজশাহীকে দেশ বিখ্যাত বলা হলেও আমের প্রকৃত উৎপাদন চাঁপাইনবাবগঞ্জ ও বাঘা উপজেলা কেন্দ্রীক। তাঁদের মতে রাজশাহীর ৯ টি উপজেলায় ১৯ হাজার ৫৭৮ হেক্টর আম বাগানের মধ্যে বাঘা উপজেলায় ৮ হাজার ৫৭০ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। উপজেলায় উল্লেখযোগ্য আমের মধ্যে-গোপাল ভোগ, হিমসাগার, আম্রপালি, ল্যাংড়া, তোতাপুরি, ফজলি ও আশ্বিনা-সহ হরেক রকম গুটি এবং লক্ষন ভোগ আম বিশেষ ভাবে উল্লেখ যোগ্য।


স্থানীয় আম ব্যবসায়ীরা জানান, গত বছর রাজশাহী অঞ্চলে আমের উৎপাদন খুবই কম থাকায় অনেক বেশি দামে আম কেনা-বেচা হয়েছে এবং এখানকার আম বিদেশে রপ্তানি করা হয়েছে। এ দিক থেকে চলতি বছরে আমের উৎপাদন অনেক বেশি। এ কারনে দাম কমে গেছে। তবে কেউ-কেউ বলছেন, এ বছর আমের ভরা মৌসুমে ঈদুল আযহা উদযাপন হওয়ায় আমের দাম পড়ে গেছে। এ ছাড়াও সকল প্রকার আম একসাথে পেকে যাওয়াকেও কেউ-কেউ দায়ি করছেন।


সরেজমিন রাজশাহীর বাঘা বাজারে গিয়ে দেখা গেছে, লকনা ৫৫০ থেকে ৬০০ টাকা, হিমসাগর ১৪০০-১৬০০টাকা, ল্যাংড়া ১২০০-১৩০০ টাকা,ফজলি ৮৫০-১০০০ টাকা এবং আম্রপালি ১৪০০-১৬০০ টাকা দরে বিক্রী হচ্ছে। বাগান মালিকরা বলছেন, এবার ঈদুল আযহা চলাকালিন সময় লম্বা ছুটি হওয়ার কারণে মানুষ ঘরমুখি হওয়ায় ঢাকার বাজারে আমের দাম পড়ে গেছে। এ কারনে অত্র অঞ্চলের ব্যবসায়ীরাও ইচ্ছে মত সুযোগ নিচ্ছে।


বাঘার আম বাগান মালিক আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, গত বছর সকল আম বিক্রয় হয়েছে ৪০ কেজি মন হিসাবে। কিন্তু এবার আম ব্যবসায়ীরা একমন আমে ৫ কেজি স্থানীয় ভাষায় (ঢলন) অতিরিক্ত ফ্রি আম নিচ্ছেন। এর ফলে ব্যবসায়ীরা লাভবান হলেও বাগান মালিকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

National