পবা উপজেলায় জমজমাট আয়োজনের মধ্য দিয়ে বায়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বিকেলে নওহাটা পৌরসভার বায়া এলাকায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে রাতুল একাদশ ১-০ গোলে সোহান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির রহমান। তিনি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন। এ সময় তিনি বলেন, ‘খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। ছাত্রদলের পক্ষ থেকে ভবিষ্যতেও এমন ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’
এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করে। দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় মাঠে উপস্থিত হয়েছিলেন বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক। স্থানীয় বাসিন্দারা জানান, এমন টুর্নামেন্ট এলাকার তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়ানোর পাশাপাশি ভ্রাতৃত্ববোধও বৃদ্ধি করে।
খেলা শেষে পুরো মাঠে বিজয়ী দলের খেলোয়াড় ও সমর্থকদের আনন্দ উল্লাসে মুখরিত হয়ে ওঠে। রানার্সআপ সোহান একাদশের খেলোয়াড়রাও তাদের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে। তারা জানান, আগামীতে আরো ভালো খেলার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যাবেন।
ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, ‘এলাকার শিক্ষার্থী ও যুব সমাজকে সুস্থ বিনোদনের মাধ্যমে এগিয়ে নিতে আমাদের এ প্রচেষ্টা। রাজনীতি করার পাশাপাশি সামাজিক ও ক্রীড়া কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার মাধ্যমেই মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভা ছাত্রদলের ৪নং ওয়ার্ড সভাপতি মুস্তাকিম ইসলাম, ৭নং ওয়ার্ড সিনিয়র সহ-সভাপতি তৌহিদ আহম্মেদ, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সামিউল কবির অরন্য, ৭নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক নুরতাজ আহম্মেদ, নওহাটা ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য শাহরিয়ার নাফিজ শুভ এবং মিনহাজ ইসলাম।