নাটোরের সিংড়ায় কবুতর চোর সন্দেহে আকরাম (১৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে পৌর এলাকার পার সিংড়ায় এ ঘটনা ঘটে। নিহত আকরাম ওই এলাকার মৃত ইউনুস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কবুতর চুরির অভিযোগে পাটকোল এলাকায় মিঠু নামে এক যুবকের বাড়িতে কবুতর চুরির ঘটনা ঘটে। এরপর মিঠু ও তার সহযোগী স্থানীয়রা আকরামকে আটক করে মারধর করে। মারধরে গুরুতর আহত হলে অভিযুক্তরা তাকে সিংড়া পাটকল সড়কের পাশে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয়রা আকরামকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, প্রাথমিকভাবে পিটিয়ে হত্যার ঘটনা বলে মনে হচ্ছে। চোর সন্দেহে তাকে মারধর করা হয়েছে বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত চলছে উল্লেখ করে বলেন এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।