আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাবনা-১ আসনে বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমান কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। গত রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে এই আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান পাবনার যুগ্ম জেলা দায়রা জজ অর্থ রিন আদালতের বিচারক সেলিম রেজা এ নোটিশ দেন।
নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার (ভিপি শামসুর রহমান) এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সেই বিষয়ে (০২ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে তাকে লিখিতভাবে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, ইনতাজ মল্লিক থ্রেড প্রসেসিং মিল’-এর দেয়াল এবং দোকানদার আব্দুল মান্নানের দোকানের দেয়ালে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেয়াল লিখন করা হয়েছে (বিধি ১১ লঙ্ঘন)।
বিএনপি প্রার্থী ভিপি শামসুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করে দলীয় প্রধানের নেতৃত্বমূলক ছবি প্রদর্শন করে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেছেন (বিধি ৭(গ) লঙ্ঘন)।
গত ১ তারিখ দুপুর ১২:০০ টায় আটাইকুলায় নির্ধারিত সময়সীমা লঙ্ঘন করে মাইকিং ও লাউডস্পিকারের মাধ্যমে প্রচারণা চালানো হয়েছে (বিধি ১৭ লঙ্ঘন)। বিভিন্ন যানবাহনে রঙিন পোস্টার ব্যবহার ও সংযুক্ত করা হয়েছে।
উপরোক্ত কার্যক্রম আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ৩, ৭, ১৭ ও ১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে পাবনা-১ আসনে বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমান মুঠোফোনে জানান, এই অভিযোগের বিষয়ে আমি লিখিত জবাব দিয়েছি।