বাগমারা (রাজশাহী) প্রতিনিধি published: ১২ মার্চ, ২০২৫, ০৬:০৮ এএম

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রাজশাহী বিভাগের পক্ষ থেকে বাগমারা উপজেলায় অভিযান চালানো হয়েছে। এই অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এবং অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন পণ্য উৎপাদন ও বিক্রি করার দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এবং অবৈধ পণ্য ধ্বংস করা হয়।
প্রথম প্রতিষ্ঠানটি হলো- বিহেড ফুড এন্ড অয়েল মিল, চিকাবাড়ী বাজারে অবস্থিত, যা সয়াবিন তেল, আটা, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, মরিচের গুড়া ও হলুদের গুড়া উৎপাদন ও বিক্রি করছিল। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের মানসনদ না নিয়ে পণ্য উৎপাদন করায় এবং লেবেলে বিএসটিআইয়ের মানচিহ্ন অবৈধভাবে ব্যবহার করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।
দ্বিতীয় প্রতিষ্ঠান, সাফি ট্রেডার্স, নন্দনপুরে অবস্থিত, যা দেশের নামীদামী প্রতিষ্ঠানের পণ্যের লেবেল নকল করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে নুডলস, সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, মরিচের গুড়া ও হলুদের গুড়া মোড়কজাতকরণ ও বিক্রি করছিল। প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৭ বস্তা (প্রায় চার লাখ পিস) অবৈধ ও নকল লেবেল/প্যাকেট জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই-এর সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ উপস্থিত ছিলেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন। বিএসটিআই ভবিষ্যতে এধরণের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করবে বলে বিএসটিআই জানিয়েছে।