বাংলাদেশ, রবিবার, জুন ২১, ২০২৬

সেনবাগে উত্তেজনা: ২৪ দিন নিখোঁজ শিক্ষকের চাকরিতে ফেরার চেষ্টা!

স্বপ্নের বাংলাদেশ বার্তাকক্ষ

নোয়াখালী প্রতিনিধি

published: 24 February, 2026, 11:40 PM

সেনবাগে উত্তেজনা: ২৪ দিন নিখোঁজ শিক্ষকের চাকরিতে ফেরার চেষ্টা!

নোয়াখালীর সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহায়ক মোঃ শহিদুল্লাহ আরমানকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। 


বুধবার ( ১৮ ফেব্রুয়ারী ) বেলা ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের হাজিরা খাতায় অফিস সহায়ক মো: শহিদুল্লাহ আরমানের দীর্ঘ অনুপস্থিতির তথ্য স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে।


এদিকে, ঘটনার পর থেকে প্রায় ২৪ দিন ধরে অফিস সহায়ক মো: শহিদুল্লাহ আরমান বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন কিন্তু দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পরও হাজিরা খাতায় কোন মন্তব্য না লেখে তাকে পুনরায় কাজে যোগদান করানোর জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার বিভিন্ন চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।


প্রকাশ, ২৫ জানুয়ারি রোজ রোববার বিকেলে বিদ্যালয়ের ভেতরে এক নারীকে নিয়ে তথাকথিত অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর রাতে তাকে পুলিশে সোপর্দ করা হয়।


এলাকাবাসীরা জানান, ঘটনার দিন বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণের ভেতরে সন্দেহজনক অবস্থায় মো: শহিদুল্লাহ আরমানকে এক নারীর সঙ্গে দেখতে পেয়ে স্থানীয়রা তাকে আটক করে। পরে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে এবং ওই নারীকে হেফাজতে নেয়। পুলিশ তাদের আইনের আওতায় এনে সতর্ক করে জেলা কারাগারে প্রেরণ করে বলে জানা গেছে। 


এ নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, একজন সরকারি বিদ্যালয়ের কর্মচারী এমন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার পরও কীভাবে পুনরায় চাকরিতে ফিরে আসতে পারেন-এ নিয়ে জনমনে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।


পুনর্বহালের বিষয়ে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আক্তার বলেন, “ এলাকাবাসী মো: শহিদুল্লাহ আরমানের বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে, আমি সেটি মেনে নেব।”


এদিকে অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, এমন ঘটনার পরেও যদি ওই কর্মচারীকে পুনর্বহাল করা হয়, তাহলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। এ রকম চরিত্রহীন কর্মচারীকে পুনর্বহালে আমরা আমাদের সন্তানদের এ স্কুলে পড়াবো না, স্কুল থেকে আমাদের সন্তানদেরকে নিয়ে যাবো। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তকে স্থায়ীভাবে চাকরি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।


স্থানীয়রা আরও জানান, বিষয়টি দ্রুত সমাধান না হলে যেকোনো সময় এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।


এ ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

National