সর্বশেষ
বিরোধী দল দমনে দুদক ব্যবহারের অভিযোগ আসিফ মাহমুদের মীর কাসেমের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে: ডা. শফিক দুই দশক পর সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস জামায়াত আমিরের কাছে ব্যবসায়ীদের নানা সমস্যা সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস রামেকের অনিয়ম ও অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধের দাবি তানজিদ শুধু বগুড়ার নয়, বাংলাদেশের ছেলে: প্রধানমন্ত্রী অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়: পররাষ্ট্র মন্ত্রণালয় ৭০ অনুচ্ছেদ সংশোধন না হওয়া পর্যন্ত তফসিল স্থগিতের রিট, যা বললেন ইসি সচিব সাইবার সুরক্ষা ও আইসিটি খাতে একসাথে কাজ করবে বাংলাদেশ-লিথুয়ানিয়া কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন
logo
সরকারি ছুটি নিয়ে সুখবরের সঙ্গে দুঃসংবাদ

সামনে টানা ৬ দিনের ছুটি, রয়েছে দুঃসংবাদও


Publisher and Editor   published:  ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:১১ পিএম

সামনে টানা ৬ দিনের ছুটি, রয়েছে দুঃসংবাদও

বছর শেষ হতে বাকি আর মাত্র চার মাস। এরই মধ্যে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় সামনে থাকা ছুটির দিনগুলোও স্পষ্ট হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য বছরের বাকি সময়ে ছুটি রয়েছে মোট ছয় দিন। তবে এর মধ্যে তিনটি ছুটি পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে। ফলে কর্মদিবসে অতিরিক্ত ছুটি হিসেবে পাওয়া যাবে মাত্র তিন দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন নির্ধারিত ছিল। সব মিলিয়ে সরকারি ছুটি ছিল ২৮ দিন। পরে সরকার ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পুনর্বহাল করে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা করেছে। ফলে বছরের মোট সরকারি ছুটির সংখ্যা বেড়েছে।

সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর সরকারি ছুটি থাকবে। দিনটি পড়েছে শুক্রবারে। ফলে সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে যাওয়ায় এ ছুটির জন্য কর্মদিবসে অতিরিক্ত কোনো ছুটি পাওয়া যাবে না।

অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। দুই দিনই কর্মদিবসে পড়েছে। ফলে এ দুই দিন চাকরিজীবীরা ছুটি পাবেন।

বছরের বাকি ছুটির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ৭ নভেম্বর। সরকার ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনর্বহাল করে এ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে। তবে ২০২৬ সালে ৭ নভেম্বর শনিবার। ফলে এ ছুটিও সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে মিলে গেছে। এ কারণে এদিনের জন্য কর্মদিবসে বাড়তি কোনো ছুটি পাওয়া যাবে না।

বছরের শেষ মাস ডিসেম্বরে সরকারি ছুটি রয়েছে দুই দিন। ১৬ ডিসেম্বর বুধবার বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর মধ্যে ১৬ ডিসেম্বর কর্মদিবসে পড়েছে। অন্যদিকে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় এ ছুটির জন্য বাড়তি কোনো কর্মদিবসের ছুটি মিলবে না।

অর্থাৎ সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি চাকরিজীবীদের সামনে থাকা ছুটির দিনগুলো হলো ৪ সেপ্টেম্বর, ২০ ও ২১ অক্টোবর, ৭ নভেম্বর এবং ১৬ ও ২৫ ডিসেম্বর। এর মধ্যে ২০ ও ২১ অক্টোবর এবং ১৬ ডিসেম্বর কর্মদিবসে পড়েছে। আর ৪ সেপ্টেম্বর, ৭ নভেম্বর ও ২৫ ডিসেম্বর পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে। ফলে বছরের বাকি সময়ে ছয় দিন সরকারি ছুটি থাকলেও কর্মদিবসে অতিরিক্ত ছুটি পাওয়া যাবে মাত্র তিন দিন।