কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: ৩৩ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ published: ১৭ জুলাই, ২০২৬, ০৬:৩৬ পিএম

কুমিল্লার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৯০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ১৬ জুলাই ২০২৬ তারিখ রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি চৌকস টহল দল এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
টহল দলটির নিয়মিত টহল চলাকালে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে বাংলাদেশ সীমান্তের ২০০ গজ অভ্যন্তরে সোনাপুর নামক স্থানে সন্দেহভাজন কিছু মালামাল দেখতে পায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
১০ বিজিবি জানিয়েছে,সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় তৎপর। এরই ধারাবাহিকতায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে।
জব্দকৃত শাড়িগুলো বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি বিধি মোতাবেক দ্রুত কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।