বাংলাদেশ, বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
logo

প্রশাসনিক উদাসীনতায় ক্ষোভ: রাজশাহীতে নারী নির্যাতন মামলার আসামি দপ্তরে বহাল


নিজস্ব প্রতিবেদক published:  ১৪ মে, ২০২৬, ০২:৫৪ এএম

প্রশাসনিক উদাসীনতায় ক্ষোভ: রাজশাহীতে নারী নির্যাতন মামলার আসামি দপ্তরে বহাল

রাজশাহী জেলার কলাবাগান শাখার পরিবার পরিকল্পনা অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হওয়ার পরও তিনি স্বপদে বহাল রয়েছেন। গত ১৩ মে (বুধবার) এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

অভিযোগ উঠেছে, গুরুতর মামলার আসামি হওয়ার পরও সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। জামিন লাভের পর তিনি নিয়মিত অফিসে উপস্থিত থেকে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। স্পর্শকাতর একটি মামলায় অভিযুক্ত হওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় সচেতন মহলে প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, নারী ও শিশু নির্যাতনের মতো অভিযোগে মামলা হওয়ার পর প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত বা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত ছিল। কিন্তু রহস্যজনক কারণে দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সংবেদনশীল মামলার ক্ষেত্রে তদন্ত কার্যক্রম স্বচ্ছ রাখতে অভিযুক্তকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে রাখাই স্বাভাবিক প্রক্রিয়া। অন্যথায় দাপ্তরিক নিরপেক্ষতা নিয়ে সাধারণ মানুষের মনে সংশয় তৈরি হয়।

বর্তমানে এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। একই সঙ্গে তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।