বাংলাদেশ, মঙ্গলবার, জুন ২, ২০২৬
logo

নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থীর ইশতেহার ফেসবুকে প্রকাশ, কৃষি-স্বাস্থ্য-অবকাঠামোয় জোর


নওগাঁ জেলা প্রতিনিধ published:  ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৯ পিএম

নওগাঁ-১ আসনে বিএনপি প্রার্থীর ইশতেহার ফেসবুকে প্রকাশ, কৃষি-স্বাস্থ্য-অবকাঠামোয় জোর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইশতেহারটি পোস্ট করেন। পরে দলীয় নেতা-কর্মীরা সেটি শেয়ার করেন।


দলীয় সূত্র জানায়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণার কথা ছিল। তবে সকাল থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ইশতেহার প্রকাশ করা হয়।


ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের সেচ সংকট নিরসনে গভীর নলকূপ স্থাপন এবং নদী থেকে পানি উত্তোলনে আধুনিক প্রকল্প গ্রহণের কথা বলা হয়েছে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সিন্ডিকেট ভেঙে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও আম ক্রয়ের ব্যবস্থা করার প্রতিশ্রুতিও রয়েছে। পাশাপাশি আম সংরক্ষণাগার ও আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।


শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ‘বেকার ভাতা’ চালু এবং একটি কারিগরি ইনস্টিটিউট নির্মাণের প্রতিশ্রুতি রয়েছে ইশতেহারে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পর্যন্ত বিশেষ উপবৃত্তি চালুর কথাও বলা হয়েছে।


স্বাস্থ্য খাতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এবং প্রত্যন্ত এলাকায় ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।


অবকাঠামো উন্নয়নে প্রতিটি ইউনিয়নের প্রধান সড়ক থেকে পাড়া-মহল্লার রাস্তা পাকাকরণ এবং সীমান্ত এলাকায় রাস্তাঘাট ও নিরাপত্তা জোরদারে বিশেষ প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।


এ ছাড়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার ব্যক্তি ও জুলাই বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা চালু, সন্ত্রাস-চাঁদাবাজি-মাদকমুক্ত এলাকা গড়তে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করা হয়েছে।


শফিউল্লাহ সোনার বলেন, “সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণার প্রস্তুতি ছিল। কিন্তু প্রচার বন্ধ হয়ে যাওয়ায় আমরা ফেসবুকে প্রকাশ করেছি, যাতে ভোটাররা বিষয়গুলো জানতে পারেন।”