ঢাকা কলেজের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা ও নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের উপর দুষ্কৃতিকারীদের হামলা এবং টিচার্স লাউঞ্জে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সারাদেশের ন্যায় নেত্রকোণায়ও কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
১৪ অক্টোবর ২০২৫, রোজ মঙ্গলবার নেত্রকোণা সরকারি মহিলা কলেজে সকাল থেকে সারাদিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণপূর্বক অবস্থান কর্মসূচি পালন করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশন, নেত্রকোণা সরকারি মহিলা কলেজ ইউনিটের সভাপতি প্রফেসর বিধান চন্দ্র মিত্র; সহযোগী অধ্যাপক ও সাধারণ সম্পাদক জনাব এস. এম. শাখাওয়াত হোসেন; এবং সহকারী অধ্যাপক ও সাংগঠনিক সম্পাদক জনাব খন্দকার অলি উল্লাহ।
শিক্ষক নেতারা বলেন, ঢাকা কলেজে সংঘটিত ন্যক্কারজনক হামলার ঘটনায় দেশের শিক্ষা অঙ্গন ক্ষুব্ধ ও মর্মাহত। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, শিক্ষা ক্যাডারের মর্যাদা ও স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।