নাটোরের গুরুদাসপুর খাদ্য গুদাম কর্মকর্তার থেকে ৫ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় নাজমুল হোসেন নামে এক ভুয়া এনএসআইকে গ্রেফতার করেছে এনএসআই।
রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার মডেল মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।
নাটোরের গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার নাজমুল হোসেন গুরুদাসপুর উপজেলার খামাড় নাচকৈড় এলাকার মকবুল হোসেনের ছেলে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার দৈনিক স্বপ্নর বাংলাদেশ পত্রিকাকে জানান, নাজমুল হোসেন নিজেকে এনএসআই ফিল্ড অফিসারের পরিচয় দিয়ে উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে খাবার অনুপযোগী চাল কেনার অভিযোগ করেন। এবং দুদকের ভুয়া চিঠি দেখিয়ে তদন্ত করবেন বলে দাবি করেন।
এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন ভুয়া এনএসআই কর্মকর্তার সঙ্গে কথা বললে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ওই কর্মকর্তারা নাটোরের এনএসআই কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে।
এরপর রোববার রাতে খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন স্থানীয় এনএসআইয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গুরুদাসপুর যান।
নাজমুল গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে টাকা নিতে আসলে সোনাবাহিনীর সহায়তায় তাকে গ্রেফতার করে এনএসআই সদস্যরা। পরে গুরুদাসপুর থানায় তাকে হস্তান্তর করা হয়।
নাটোরের গুরুদাসপুর থানার ওসি আসমাউল হক দৈনিক স্বপ্নর বাংলাদেশ পত্রিকাকে বলেন, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাকে রাতে থানায় হস্তান্তর করা হয়। আইনগত কাজ শেষ তাকে আজ নাটোর আদালতে পাঠানো হবে।